ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক জুড়ে সোনালু-জারুলের শোভায় মুগ্ধ পথচারীরা
- আপডেট সময় : ১২:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
পিচঢালা মহাসড়কের বুক চিরে রূপের পসরা সাজিয়ে বসেছে বসন্ত প্রকৃতি। সড়ক বিভাজকে নানা প্রজাতির ফুল গাছে ফুটেছে রঙিন ফুল। বিশেষ করে ঋতু রাজের শুরু থেকেই সোনালু ও জারুল ফুলের সৌন্দর্যের চাদরে ঘেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।
মহাসড়কের কুমিল্লা অংশের ১০০ কিলোমিটারে বেশিরভাগ অংশেই চোখে পড়বে রক্তিম সোনালু ও জারুল । ঋতু বসন্তে নানা প্রজাতির ফুলে সেজেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সড়কে চলাচলকারীদের ক্লান্তিও যেন হারিয়ে গেছে।
মুগ্ধতা ছড়ানো সড়ক বিভাজনে থাকা এসব ফুলের সৌন্দর্য দাউকান্দি থেকে ফেনীর মোহাম্মদ আলী সড়ক পর্যন্ত কুমিল্লা অংশে অন্যরকম এক আবহ তৈরি হয়েছে। নান্দনিক এ সৌন্দর্য ধরে রাখতে গাছগুলোর নিয়মিত পরিচর্যার প্রত্যাশা জনসাধারনের।
দিনে মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি আর রাতে বিপরীতমুখী গাড়ির হেডলাইটের আলো নিয়ন্ত্রণ করে দুর্ঘটনারোধেও ভূমিকা রাখছে গাছগুলো। সড়ক বিভাগ বলছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রর্যাক্রমে গাছের সংখ্যা বাড়ানো হবে। যেসব স্থানে গাছ নষ্ট হয়ে গেছে, সেসব স্থানে নতুন করে গাছ রোপণের সিদ্ধান্ত রয়েছে।
বসন্তের খুব পরিচিত মোহনীয় সোনালু ও জারুল এক সময় গ্রামীণ জনপথ ও বন বাগানে অহরহ দেখা মিললেও কালের বিবর্তনে তা হারিয়ে যেতে বসেছে। প্রকৃতি সৌন্দর্যের এই বৃক্ষ রোপণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বৃক্ষ প্রেমীরা


























