৭ দফা দাবিতে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ
- আপডেট সময় : ০৪:০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫২২ বার পড়া হয়েছে
দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে জামালপুরে সমাবেশ করেছে জেলা দলিল লেখক সমিতি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা দলিল লেখক সমিতির নেতারা অংশ নেন।
সমাবেশে যা বললেন নেতারা
সমাবেশে বক্তব্য দেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব আরজু আকন্দ, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, সহসভাপতি ফজলুল হক ও ফারুক হোসেন তালুকদার।
এ ছাড়া সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মওদুদ আহমেদ মধু, সাধারণ সম্পাদক মোহন আকন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের উদ্যোগের কারণে দলিল লেখকদের পেশা থেকে সরিয়ে দেওয়া যাবে না। দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
৭ দফা দাবিতে জোর দাবি
সমাবেশে বক্তারা লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ যেন দলিলের মুসাবিদা করতে না পারেন, সে বিষয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানান।
এ ছাড়া থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখক হিসেবে লাইসেন্স প্রদান থেকে বিরত থাকার দাবি জানান তারা।
দলিল লেখকদের পেশাগত অধিকার ও স্বার্থ সংরক্ষণে দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ারও জোর দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা তাদের ৭ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন।
























