দেশের প্রযুক্তি মালিকানা ধরে রাখতে চান রাজশাহীর তরুণ গবেষক নাহিদ আলম
- আপডেট সময় : ০১:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
শূন্য থেকে শুরু করে প্রযুক্তি গবেষণায় নিজের অবস্থান তৈরি করেছেন রাজশাহীর তরুণ গবেষক নাহিদ আলম। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এই শিক্ষার্থী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে ইতোমধ্যে দেশ-বিদেশে আলোচনায় এসেছেন।
রাজশাহীর ভদ্রা আবাসিক এলাকার বাসিন্দা নাহিদ আলমের বাবা মিরাজ উদ্দীন। ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর গুগল ক্লাউডের চুক্তিভিত্তিক চাকরি ছেড়ে গবেষণায় পূর্ণ সময় দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর নিজস্ব প্রযুক্তি প্রকল্প নিয়ে কাজ শুরু করেন।
নাহিদের আলোচিত উদ্যোগগুলোর একটি হলো ‘লেক্সগ্লোবাল বিডি’—একটি প্রযুক্তিনির্ভর ডিজিটাল আইনসেবা প্ল্যাটফর্ম। দালালমুক্ত ও সহজলভ্য আইনি সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্ল্যাটফর্মটির বেটা সংস্করণ চালু হয়েছে। শিগগিরই এটি পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নাহিদের গবেষণা আন্তর্জাতিক পর্যায়েও নজর কেড়েছে। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডু-সংশ্লিষ্ট প্রযুক্তির একটি পেটেন্ট নিবন্ধন তাঁর গবেষণা ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এ গবেষণার কারণে তাঁর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রচেষ্টা স্থগিত হলেও আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে পরিচিতি বাড়ে।
নিজের লক্ষ্য সম্পর্কে নাহিদ আলম বলেন, প্রযুক্তির মাধ্যমে আইনি সেবা সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়াই তাঁর মূল উদ্দেশ্য। মানুষ যেন দালাল বা অপ্রয়োজনীয় হয়রানি ছাড়াই প্রয়োজনীয় আইনি তথ্য ও সেবা পেতে পারেন, সে লক্ষ্যেই কাজ করছেন তিনি।
জানা গেছে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক চাকরির প্রস্তাব ফিরিয়ে গবেষণাকে অগ্রাধিকার দেন নাহিদ। পরে সংযুক্ত আরব আমিরাতের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান জি–৪২-এর সহযোগী প্রতিষ্ঠান কোর–৪২-এ রিমোট এআই রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে যুক্ত হন তিনি।
নাহিদ জানিয়েছেন, বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ থাকলেও বাংলাদেশের আইন ও সংবিধানভিত্তিক ‘লেক্সগ্লোবাল বিডি’ দেশের বাইরের কোনো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করতে চান না। প্রযুক্তির মালিকানা দেশেই রাখার লক্ষ্য তাঁর।
তাঁর পরবর্তী গবেষণা উদ্যোগ ‘প্রকল্প মায়াবী’ আন্তর্জাতিক সহযোগিতায় বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, তরুণ বয়সেই গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে নাহিদ আলম বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি করছেন।
























