জঙ্গলে মিলল নিখোঁজ ১৩ বছরের শিশুর মরদেহ
- আপডেট সময় : ০৩:৫৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
অপ্রতিম কুমিল্লার বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান।
ছবি তুলতে বেরিয়ে আর ফেরেনি অপ্রতিম
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে।
সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছিল পুলিশ
নিখোঁজের পর থেকেই অপ্রতিমকে উদ্ধারে পরিবারের সদস্যদের পাশাপাশি পুলিশও তৎপর হয়। তার সর্বশেষ অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করছিল পুলিশ।
পরে শনিবার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।
সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে অপ্রতিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

























