সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত ১১
- আপডেট সময় : ০১:০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। এতে বিদেশিসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, নাজরান প্রদেশে হুথিদের হামলায় সাতজন সৌদি নাগরিক, একজন ইয়েমেনি, দুজন মিশরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুও রয়েছে।
তিনি অভিযোগ করেন, হুথিরা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে বেসামরিক এলাকায় নির্বিচারে হামলা চালাচ্ছে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জোট প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
এদিকে সৌদি আরব সতর্ক করে বলেছে, হুথি ও ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াদের সমন্বিত হামলার আশঙ্কা রয়েছে। দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হুথি ও ইরাকি মিলিশিয়ারা সৌদির জ্বালানি স্থাপনা, বন্দর, বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিতে পারে।
সৌদি ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার তথ্যের বরাতে ওই কর্মকর্তা বলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার নাজরান বিমানবন্দরে হামলার দায় স্বীকার করে হুথিরা। গোষ্ঠীটির দাবি, সৌদি সামরিক স্থাপনা, অবকাঠামো ও নৌ চলাচল-সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলার অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে।
এ ছাড়া বৃহস্পতিবার ইয়েমেনের মারিব ও হাদরামৌত প্রদেশে সৌদি সামরিক উপস্থিতি রয়েছে বলে দাবি করা এলাকায় হামলা চালায় হুথিরা। এতে ৩০ জনের বেশি ইয়েমেনি সরকারি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
দীর্ঘদিনের সৌদি-হুথি সংঘাত বর্তমানে নতুন মাত্রা পেয়েছে। লোহিত সাগরে হুথিদের তৎপরতা ও আঞ্চলিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কাও বাড়ছে।
সূত্র: রয়টার্স























