জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু
- আপডেট সময় : ১২:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটারের চারটি সড়ক নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের আওতাধীন ২৬ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন- ইসিবি ইতোমধ্যে সড়কের কাজ শুরু করেছে। সড়কের পাশাপাশি কালভার্ট, সেতু ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করার কথা জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা।
সম্প্রতি চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল ছলিমপুরে পরিদর্শনে গিয়ে সেখানকার যোগাযোগ ব্যবস্থার কীভাবে উন্নয়ন করা যায়, সে বিষয়ে পরিকল্পনা করার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আর এরই মধ্যে জঙ্গল ছলিমপুর এলাকায় ১০ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে সেনাবাহিনী।
রাস্তাটি আলীনগর স্কুল থেকে ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোডের তিন নম্বর বাজার সংলগ্ন এলাকায় গিয়ে সংযুক্ত হবে। এখানে আলীনগর স্কুল থেকে চারটা রোড চারদিকে বিস্তৃত আছে। এই সড়কগুলো নির্মাণ হয়ে গেলে বায়েজিদ লিংক রোড থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এবং ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড- এই তিনদিক থেকেই খুব সহজেই মানুষ চলাচল করতে পারবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটা অত্যন্ত সুগম হবে।
জঙ্গল ছলিমপুর এলাকাটি যেহেতু পাহাড়ি তাই ১০ কিলোমিটার রাস্তা নির্মাণের পরিকল্পনার পাশাপাশি এখানে বেশকিছু কালভার্ট এবং নূন্যতম তিনটি সেতু নির্মাণের পরিকল্পনার রয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রামের সন্ত্রাসীদের দুর্ভেদ্য সাম্রাজ্য তকমা পাওয়া জঙ্গল ছলিমপুর বেশ কিছুদিন ধরেই নানাভাবে আলোচিত। সবশেষ গত ২৪ মে গভীর রাতে জঙ্গল ছলিমপুরের মূল সড়কের বিভিন্ন স্থানে রাস্তা কেটে যৌথ বাহিনীর ক্যাম্পে ত্রিমুখী হামলা চালায় সন্ত্রাসীরা।
























