চট্টগ্রামে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দেশের সকল বেসরকারি প্রাথমিক ও ইংরেজী মাধ্যমের স্কুলগুলো সরকারি তদারকির আওতায় আনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পাশাপাশি মন্ত্রনালয়ের নিবন্ধন ছাড়া কোন কিন্ডারগার্টেন বা কোন ধরনের প্রাথমিক বিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করতে না পারার কথাও জানিয়েছেন তিনি। বুধবার বিকালে চট্টগ্রামের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী। নীতিমালা বদলের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রাইভেট সেক্টরে কেউ তার বাড়ির গ্যারেজে বা দোতালায়-তিনতালায় হঠাৎ করে একটা স্কুল খুলে দিতে পারবে না। স্কুলগুলো নীতিমালা মানছে কিনা, ক্লাসরুমের সাইজ কত বড়, খেলার জায়গা কতখানি- এগুলো মনিটরিং করা হবে। এসময় নিবন্ধন প্রক্রিয়া যাতে আরও সহজ করা যায় সে বিষয়েও কাজ চলার কথা জানান তিনি। বুধবারের প্রশিক্ষণ কর্মশালায় মনিটরিং সিস্টেম নিয়ে কর্মকর্তাদের ধারণা দেয়া হয়েছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।





















