খাদ্য মজুতের বিরুদ্ধে র্যাবের অভিযান জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৬:৫৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ১৯২১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রেবের অভিযান অব্যাহত রাখতে হবে। পাশাপাশি ঈদ উপলক্ষে জাল টাকার দৌরাত্ম্য রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। সকালে রাজধানীর কুর্মিটোলায় রেব সদর দপ্তরে আয়োজিত সংস্থাটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রেবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্যাংশন একতরফা উল্লেখ করে প্রয়োজনে তাদের বিরুদ্ধে স্যাংশন দেয়ার কথাও জানান শেখ হাসিনা।
এলিট ফোর্স রেপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-রেব ফোর্সের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুর্মিটোলায় সংস্থাটির সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমনে সাহসী ভূমিকা রেখেছে রেব। দেশের মানুষের অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে স্যাংশন নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
জঙ্গি ও সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করায় মানুষের মনে শান্তি ফিরে এসেছে উল্লেখ করে কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে রেবকে আরও কার্যকর ভূমিকা রাখার আহবান জানান সরকার প্রধান। রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী সংযমের বদলে লোভী হয়ে ওঠে জানিয়ে পণ্য মজুতদারদের বিরুদ্ধে কঠোর হতে নির্দেশনা দেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে রেবসহ সব বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করে, যারা নির্বাচন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত চায়নি, শুধু তারাই এই নির্বাচনে খুশি হতে পারেনি বলে মন্তব্য করেন শেখ হাসিনা।



























