বিএনপি নেতাকর্মীরা হামলা করেন: মিয়া গোলাম পরওয়ার
- আপডেট সময় : ০৪:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বিভিন্ন এলাকায় বিরোধী দলের এমপিরা গেলেই বিএনপির নেতাকর্মীরা হামলা করছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোট সংবিধানে নেই বা সংবিধান সংস্কার পরিষদের কোনো বিধান নেই—এমন যুক্তি দেখিয়ে গণভোটের রায় অস্বীকার করার সুযোগ নেই।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে কোনো রাজনৈতিক দলই শেখ হাসিনার মতো আধিপত্যবাদী হয়ে উঠতে পারবে না। গণভোটের রায় খণ্ডিতভাবে গ্রহণেরও সুযোগ নেই।
জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা শুধু সরকার বা রাজনৈতিক দলের ওপর ছেড়ে না দিয়ে তরুণদেরও এর পাহারাদারের ভূমিকায় থাকার আহ্বান জানান তিনি।
তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি, মাস্তানি, লুটপাট ও মাদকের সিন্ডিকেট গড়ে উঠেছে অভিযোগ করে এসব সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, ফ্যামিলি কার্ড নিয়েও নিজেদের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটছে।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে খুলনা মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে একটি র্যালি বের করা হয়।























