খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দেশব্যাপী কর্মসূচি
- আপডেট সময় : ০১:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বিএনপি।
এ ছাড়া দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও স্থানীয় পর্যায়ে দলীয় কার্যালয় কিংবা মসজিদে অনুরূপ কর্মসূচি পালন করা হবে।
বিএনপির পক্ষ থেকে দলের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং সমর্থকদের এসব দোয়া মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।






















