অসুস্থ রাজনীতি বন্ধ না করলে বিএনপিকে হাসপাতালে পাঠানো হবে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
- / ১৮৫০ বার পড়া হয়েছে
অসুস্থ রাজনীতি বন্ধ না করলে বিএনপিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতাদের মতো দলটিরও এখন চিকিৎসা দরকার।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আগামী নির্বাচনে বিএনপি না এলে, তারা হাওয়ায় মিলিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশের আয়োজন করেছে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
সকাল থেকেই সমাবেশে বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলে দলে যোগ দেন।
সমাবেশে যোগ দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, সুযোগ পেলে বিএনপি সাপের মতো ছোবল মারতে পারে।এজন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের রাজনীতি করার চেষ্টা করলে বিএনপিকে প্রতিহত করা হবে।
সরকার হঁটানোর পরিকল্পনা বাদ দিয়ে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশ গ্রহণের আহবান জানান ওবায়দুল কাদের।
















