ফ্যামিলি কার্ডের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ছাত্রলীগ নেতা
- আপডেট সময় : ০৩:৩০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী হিসেবে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল জাবের।
সোমবার (১৭ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কমিটির সভাপতি বরাবর লিখিত আবেদন করেন তিনি। আবেদনে পারিবারিক সমস্যার কারণে দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে উল্লেখ করেন জাবের।
এর আগে রোববার রাতে ফ্যামিলি কার্ড শুমারির চূড়ান্ত তালিকায় তার নাম প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। ছাত্রলীগের পদে থাকা অবস্থায় সরকারি এ কার্যক্রমে তার নির্বাচিত হওয়া নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।
আব্দুল্লাহ আল জাবের বলেন, তিনি সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অব্যাহতির আবেদন জমা দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসাইন জানান, তার আবেদন পাওয়া গেছে। তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চাইলে কমিটি ওয়েটিং লিস্টের প্রথম ব্যক্তিকে পরবর্তীতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেবে।
























