ফরিদপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন
- আপডেট সময় : ০৩:২৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মাগুরার মোহাম্মদপুরের নাসির মোল্যা (২৬), ফরিদপুরের বোয়ালমারীর সৈকত চন্দ্র (২৬) ও নাসির মোল্যা (৩৬)। জানা যায়, ২০২০ সালের ২৮ জানুয়ারি মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে এক আসামির সঙ্গে দেখা করতে গিয়ে ওই ছাত্রী আসামিদের হাতে অপহৃত হন। পরে তাকে মধুমতি নদীর চরে নিয়ে গিয়ে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করা হয়।
পরদিন ভুক্তভোগীর পরিবার বোয়ালমারী থানায় মামলা করে। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন।
























