এইচএসসি পরীক্ষায় নকল বা জালিয়াতি করলে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০২:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ১৫৮১ বার পড়া হয়েছে
আসন্ন উচ্চমাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষায় অবিনব কায়দায় নকল বা জালিয়াতির বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে পরীক্ষার হলে কোনো শিক্ষার্থীর কাছে অনৈতিক কিছু পাওয়া গেলে শুধু সেই পরীক্ষার্থীই নয়, সরাসরি আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কিংবা কেন্দ্র সচিবকেও। পুরোনো পরীক্ষা আইন সংশোধন করে এই নতুন নিয়ম যুক্ত করা হয়েছে।
রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ হুঁশিয়ারি দেন। আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, প্রযুক্তির ছোঁয়ায় বর্তমান সময়ে সনাতন পদ্ধতির নকলের ধরন ও রূপ বদলেছে। এই আধুনিক জালিয়াতি রুখতেই জাতীয় সংসদে পুরোনো ‘পরীক্ষা আইন’ সংশোধন করে বর্তমান সময়ের উপযোগী ও কঠোর করা হয়েছে। আসন্ন পরীক্ষায় কোনো শিক্ষার্থীর কাছে ডিজিটাল বা যেকোনো মাধ্যমের নকল পাওয়া গেলে তাকে সঙ্গে সঙ্গে আটক বা আইনের আওতায় আনা হবে। একই অপরাধে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রধানকেও সমানভাবে জবাবদিহি ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। প্রশ্নফাঁস কিংবা পরীক্ষা কেন্দ্রে যেকোনো ধরণের অনিয়মের ক্ষেত্রে সরকার এবার ‘জিরো টলারেন্স’ নীতি বা শূন্য সহনশীলতা প্রদর্শন করবে।
























