ইরান সর্বোচ্চ স্তরের পরমাণু পরিদর্শনে সম্মত : দাবি ট্রাম্পের
- আপডেট সময় : ০৯:০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ইরান সর্বোচ্চ স্তরের পরমাণু পরিদর্শনে সম্পূর্ণ সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি জানান, তেহরান এই শর্তে রাজি না হলে আর কোনো আলোচনা হতো না। একই সঙ্গে হরমুজ প্রণালী থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার কথাও নিশ্চিত করেছেন তিনি।
ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, হরমুজ প্রণালী এখন থেকে কোনো প্রকার নৌ-অবরোধ ছাড়াই উন্মুক্ত থাকবে। তবে পরিস্থিতি বিবেচনায় যেকোনো জরুরি প্রয়োজনে ব্যবস্থার জন্য মার্কিন যুদ্ধজাহাজগুলো প্রস্তুত রাখা হয়েছে।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা মওকুফ করে যে তহবিল ছাড় দেওয়া হচ্ছে, তা মূলত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা একটি বিশেষ অ্যাকাউন্টে জমা থাকবে। এই অর্থ কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে ভুট্টা, গম ও সয়াবিনসহ জরুরি খাদ্য এবং জীবনরক্ষাকারী ওষুধ কেনার কাজেই ব্যবহার করা যাবে।
























