ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ছয় নারী
- আপডেট সময় : ০৮:১৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ভালো চাকরির প্রলোভনে ভারতে পাচার হওয়া ছয় বাংলাদেশি নারী তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন। বেলা ১২টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করে।
পুলিশ জানায়, ফেরত আসা নারীদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। এরা বিভিন্ন সময়ে দালালের খপ্পরে পড়ে ভারতে পাচার হওয়ার পর হায়দ্রাবাদে পুলিশের হাতে আটক হন। সেখানে তিন বছর সাজা খাটার পর বিভিন্ন শেল্টার হোমে ছিলেন তারা।
দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দীর্ঘ চিঠি চালাচালির পর আজ তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বেনাপোল ইমিগ্রেশন ও পোর্ট থানার আইনি প্রক্রিয়া শেষে, ফেরত আসা নারীদের আইনি সহায়তা ও পুনর্বাসনের জন্য মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর জিম্মায় দেওয়া হয়েছে। সংস্থাটি তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।






















