‘মা থাকলে হয়তো সাইকেলটা কিনে দিত’—কমলাপুরে আশ্রয় নেওয়া শিশুর আকুতি
- আপডেট সময় : ০৪:৪৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১৫১৯ বার পড়া হয়েছে
“একটা সাইকেল চেয়েছিলাম, মা বলেছিল কিনে দেবে। কিন্তু মা চলে যাওয়ার পর বাবা আরেকটা বিয়ে করল। সেই মা আমাকে কখনো ভালোবাসেনি। মারধর আর অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবা নীরবে সব দেখেছে।”
কথাগুলো বলতে বলতে শিশুটির কণ্ঠে ফুটে ওঠে গভীর অভিমান আর অসহায়ত্ব। জীবনের এই ছোট্ট বয়সেই আপনজন হারানোর বেদনা আর অবহেলার ভার যেন তাকে অনেক বড় করে দিয়েছে।
দেশ টিভির একটি সাক্ষাৎকারে শিশুটির মুখ থেকে বেরিয়ে আসা কথাগুলো নাড়া দিয়েছে অনেকের হৃদয়। তার সবচেয়ে বড় আক্ষেপ—মা যদি আজ বেঁচে থাকতেন, হয়তো সেই কাঙ্ক্ষিত সাইকেলটি কিনে দিতেন। আর তাকে হয়তো কমলাপুরে এসে ঠিকানা খুঁজতে হতো না।
শিশুটির কথায় উঠে এসেছে সৎমায়ের নির্যাতন ও বাবার নীরবতার অভিযোগ। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে রাজধানীর কমলাপুরে আশ্রয় নেওয়া এই শিশুর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। যে বয়সে তার স্কুলে যাওয়ার, খেলাধুলা করার ও স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই তাকে লড়তে হচ্ছে বেঁচে থাকার জন্য।
শিশুটির করুণ গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকের হৃদয়ে প্রশ্ন জেগেছে—এই শিশুর দায়িত্ব নেবে কে?
একজন মানবিক ব্যক্তি জানিয়েছেন, শিশুটির পরিচয় ও বিস্তারিত তথ্য পাওয়া গেলে তিনি তার সম্পূর্ণ দায়িত্ব নিতে চান। তাঁর ভাষায়, শিশুটিকে আর যেন রাস্তায় অনিশ্চিত জীবন কাটাতে না হয়—এটাই তাঁর প্রত্যাশা।
একটি সাইকেলের ছোট্ট স্বপ্ন হয়তো মায়ের কাছে খুব সাধারণ ছিল। কিন্তু মাকে হারানোর পর সেই স্বপ্নই শিশুটির কাছে হয়ে উঠেছে ভালোবাসা আর নিরাপদ জীবনের প্রতীক।
‘মা যদি আজ বেঁচে থাকতো, হয়তো সাইকেলটা কিনে দিতো’—শিশুটির এই একটি বাক্যই যেন আমাদের সমাজের প্রতি এক নির্মম প্রশ্ন।

























