যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই
- আপডেট সময় : ০৫:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৭১২ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের বড় ছেলে মিনহাজুল ইসলাম রোজান আর নেই। রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ বছর বয়সী রোজান মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
রোজানের মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন স্বজনরা।
রোজান ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবনে মেধা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের জন্য তিনি শিক্ষক ও সহপাঠীদের কাছে পরিচিত ছিলেন। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত টানা পাঁচ বছর ক্লাস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর ক্যাপ্টেন হিসেবেও দায়িত্ব পালন করেন।

পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি এইচএসসি পরীক্ষার শেষ দিকে রোজান অতিরিক্ত মানসিক চাপের মধ্যে ছিলেন। প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার সময় কয়েক দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে প্রথমে মিরপুর-১১ নম্বরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
রোজানের শারীরিক অবস্থার অবনতি হলে তার রক্তে শর্করা, কিডনি, হৃদ্যন্ত্র, সোডিয়াম, রক্তচাপ, হিমোগ্লোবিন ও ফুসফুসসহ বিভিন্ন জটিলতা দেখা দেয়। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।


























