২৩০ কিলোমিটারের দীর্ঘ মানববন্ধন করবে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ
- আপডেট সময় : ০৮:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ১৬৭০ বার পড়া হয়েছে
পানি বঞ্চিত রেখে বাংলাদেশের প্রকৃতি, জনজীবন ও কৃষিকে তিলে তিলে হত্যা না করতে ভারতীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে ২৩০ কিলোমিটারের দীর্ঘ মানববন্ধন করবে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। স্বাধীনতার সুবর্ন জয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর আগমনকালে তিস্তা চুক্তি সই, মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে আগামী বুধবার তিস্তার দু’পাড়ের ২৩০ কিলোমিটারব্যাপী হাট-বাজার, বন্দর ও দোকানপাট বন্ধ রেখে ১০ মিনিট স্তব্ধ থাকার কর্মসূচি দিয়েছে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
দুপুরে রংপুর মহানগরীর রাজা রামমোহন ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কর্মসুচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী। এসময় সাধারণ সম্পাদক শাফিয়ার রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য ড. তুহিন ওয়াদুদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেই উদ্বোধন করতে হবে তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার বিষয়ক মহাপরিকল্পনার কাজ। তিস্তা চুক্তি সই না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলনে বলা হয়, খরা ও বন্যায় নিষ্পেষিত উত্তরের ২ কোটি মানুষ এখন দিশেহারা। তাদের বাঁচাতে তিস্তা চুক্তি সই এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সারাবছর পানির প্রবাহ ঠিক রাখা, ভাঙ্গণ, বন্যা, খরায় ক্ষতিগ্রস্ত কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং দাবি আদায়ে এক লাখ মানুষের স্বাক্ষর সম্বলিত দাবিনামা ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।

























