ভোমরা স্থলবন্দরে প্রথম দিনে কাঁচা মরিচ এসেছে ১শত টন
- আপডেট সময় : ১১:৪৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বেশ কিছু দিন ধরে দেশে কাঁচামরিচের বাজার অস্থির রয়েছে। বাজার স্বাভাবিক রাখতে সম্প্রতি সরকার কাঁচামরিচের আমদানির অনুমতি দেয়। অনুমতি পাওয়ার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথম দিনে ভারত থেকে প্রায় ১০০ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি করা হয়েছে।
সোমবার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১০ ট্রাক ভর্তি কাঁচামরিচ দেশে প্রবেশ করে। প্রতি ট্রাকে ৯ থেকে ১১ মেট্রিকটন পর্যন্ত কাঁচামরিচ বোঝাই ছিল। আজও কয়েক ট্রাক বন্দরে আসার অপেক্ষায় রয়েছে।
তবে ব্যবসায়ীদের বলছেন, দেশের বাজারে কাঁচামরিচ প্রায় ৩০০টাকা থেকে ৩৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আমদানি অব্যাহত থাকলে আজ থেকেই দেশের বাজারে কাঁচামরিচের দাম কমতে শুরু করবে।
ভোমরা কাস্টমস কমিশনার মো. মোস্তাফিজুর রহমান আমদানির বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার ভোমরা স্থলবন্দর দিয়ে সন্ধ্যা পর্যন্ত ১০ ট্রাক ভর্তি ভারতীয় কাঁচামরিচ দেশে প্রবেশ করেছে। শুল্ক ও কাস্টমস কার্যক্রম শেষে আমদানিকারকরা এসব মরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করবে।
আমদানিকারকেরা জানান, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে রোববার (২ আগস্ট) ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র থেকে ব্যবসায়ীদের এমন তথ্য জানানো হয়।
সাতক্ষীরা শহরের কাঁচামালের খুচরা ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, মাত্র ১৫ দিনে আগে জেলার বাজার গুলোতে প্রতি কেজি কাঁচামরিচ ৫০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু চার দফায় দাম বেড়ে প্রতি কেজি ৩০০ টাকারও বেশি দরে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েন সাধারণ ক্রেতারা।
সাতক্ষীরা শহরের কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, টানা বৃষ্টিতে জেলা শহর ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার মরিচের খেত পানিতে তলিয়ে গেছে। এতে কাঁচামরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি অন্যান্য সবজির উৎপাদনও কমে গেছে।
তিনি আরও বলেন, ৫০ টাকার কাঁচামরিচ এখন ৩০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। তবে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় দু-এক দিনের মধ্যে এর দাম কমতে শুরু করবে। এতে ভোক্তাদের ভোগান্তি অনেকটাই কমবে বলে তিনি আশা করেন।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, সোমবার প্রথম চালানের ১০ ট্রাক কাঁচা মরিচ দেশে এসেছে। আগামীকাল মঙ্গলবার আরও অধিক পরিমাণ কাঁচা মরিচ আমদানির অপেক্ষায় রয়েছে।
তিনি আরও বলেন, ধারাবাহিকভাবে আমদানি চললে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলে আমরা আশা করছি।##
শাহীন গোলদার,সাতক্ষীরা























