ময়মনসিংহের ৩শ’ হাসপাতালের মেডিকেল বর্জ্যে দুষিত হচ্ছে পরিবেশ
- আপডেট সময় : ১১:৪৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
৩০ বছর ধরে ময়মনসিংহের ৩শ’ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিষাক্ত ও বিপজ্জনক মেডিকেল বর্জ্য ফেলা হচ্ছে চর কালীবাড়ি ময়লাকান্দা এলাকায়। সেই সাথে ফেলা হচ্ছে ৩৩টি ওয়ার্ডের সমস্ত আবর্জনা। এতে একদিকে দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে ছড়াচ্ছে নানা রোগব্যাধি ও মশা-মাছি। দীর্ঘদিনেও বর্জ্য ব্যবস্থাপনা ও নিষ্কাশন সমস্যার সমাধান না হওয়ায় উদ্বেগে স্থানীয়রা। সিটি কর্পোরেশন বলছে, বর্জ্য ব্যবস্থাপনায় নেয়া হচ্ছে আধুনিক পরিকল্পনা।
শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ শহরের প্রবেশপথে মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা। দীর্ঘদিন ধরে বিভিন্ন বর্জ্য ফেলায় জায়গাটি পরিচিতি পেয়েছে ময়লাকান্দা নামে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের সমস্ত ময়লা আবর্জনা এবং প্রায় ৩শ’ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ভয়ংকর মেডিকেল বর্জ্য ফেলা হচ্ছে এখানে। ফলে ভয়াবহ দূষণ ও দুর্গন্ধে বিপন্ন আশপাশের এলাকা। বাড়ছে মশা-মাছিসহ নানা রোগব্যাধি। তীব্র দুর্গন্ধের কারণে দ্রুতগামী যানবাহন চলায়ও ঘটছে দুর্ঘটনা। শুষ্ক মৌসুমে দুর্গন্ধের তীব্রতা কিছুটা কম থাকলেও বর্ষা মৌসুমে এর মাত্রা ও দূষণ বেড়ে যায় কয়েকগুণ।
ময়লাকান্দার ময়লা থেকে ছড়াচ্ছে বিষাক্ত গ্যাসও। পরিবেশ বাঁচাতে আধুনিক শোধনাগার নির্মাণ করে বর্জ্য পরিশোধন করার দাবি পরিবেশ আন্দোলনকারী নেতাদের।
এদিকে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, ময়লা ফেলার পর ছিটানো হয় ব্লিচিং পাউডার। আর বর্জ্য পরিশোধনে নেয়া হচ্ছে আধুনিক পরিকল্পনা।
প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ-বান্ধব উদ্যোগের দ্রুত বাস্তবায়ন চায় ময়মনসিংহবাসী।
























