নেত্রকোনায় ইরি-বোরো ধানের ন্যায্য মূল্য পাওয়ার দাবী কৃষকদের
- আপডেট সময় : ০৫:১৭:১২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
নেত্রকোনার হাওরে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে নষ্ট হয়ে গেছে ইরি-বোরো ফসল। ফসল হারিয়ে দিশেহারা হাওরপাড়ের কৃষকরা। এদিকে ধানের মূল্য কম থাকায় বিক্রি করছে না অনেকেই, ন্যায্য মূল্য পাওয়ার দাবী কৃষকদের।
নেত্রকোনার হাওরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রায় ১০ হাজার হেক্টর ইরি-বোরো ফসল নষ্ট হয়ে গেছে। পানিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন। হাওরপাড়ের মানুষ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার হাওরপারের মানুষ মূলত কৃষির উপর নির্ভরশীল। প্রতি বছর একমাত্র ইরি-বোরো ফসল ঘরে তোলাই তাদের প্রধান লক্ষ্য। তবে এবছর টানা বৃষ্টির কারণে হাওরের অনেক পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। শ্রমিক না পেয়ে কৃষকরা নিজেরাই এখনও ধান কাটছেন।
এদিকে বাজারে ধানের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগও রয়েছে। কৃষকরা দাবি করছেন, তাদের ফসলের যথাযথ দাম দেওয়া হোক।
কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ১০ হাজার হেক্টরের বেশি জমির ফসল পানিতে নষ্ট হয়েছে। এই ক্ষতির পরিমাণ প্রায় ২৩৬ কোটি ৫৩ লাখ টাকা। তবে কৃষকদের কথা বিবেচনা করে সরকারিভাবে ধান ও চাউল সংগ্রহ শুরু হয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ চলবে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক।
এ বছর নেত্রকোনা জেলায় ১ লাখ ৮৫ হাজার ৫৪৭ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। ভুক্তভোগী কৃষকরা দাবি করছেন, সরকারিভাবে তালিকা তৈরি করে তাদের সহায়তা নিশ্চিত করা হোক।





















