নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্যাবল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৭:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১৮৩৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় নাসির উদ্দিন নামে এক ক্যাবল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ দুপুরে চাঁনমারী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করলেও ঘাতকরা এখনও পলাতক।
নিহত নাসির উদ্দিন ‘ফ্রেন্ডস ক্যাবল’-এর স্বত্বাধিকারী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে একটার দিকে হঠাৎ একজনকে রক্তমাখা ছুরি হাতে অফিস থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন তারা। পরে ভেতরে গিয়ে নাসিরকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, ব্যবসায়িক শত্রুতা নাকি ব্যক্তিগত বিরোধে এই খুন—তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে।



























