খুলনায় ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা সংগ্রহ কর্মসূচি শুরু করেছে খুলনা মহানগর ছাত্রদল। রবিবার বেলা ১১টায় সরকারি বিএল কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে এবং হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। এ অবস্থায় ছাত্রদলের রক্তদাতা সংগ্রহের উদ্যোগ সময়োপযোগী।
বিএল কলেজসহ নগরীর সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বুথ স্থাপন করে রক্তের গ্রুপ পরীক্ষা ও জরুরি প্রয়োজনে রক্তদানের অঙ্গীকারনামা সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হচ্ছে।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব বুথে নিয়মিত রক্তদাতাদের তথ্য সংগ্রহ ও রক্তদান কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া ডেঙ্গু মোকাবিলায় বিএনপির পক্ষ থেকে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা, অতিরিক্ত হাসপাতাল বেড এবং বিভিন্ন এলাকায় মশা নিধন কার্যক্রম চালানোর কথা জানানো হয়েছে।