বৃষ্টি ও ঢলে সাজেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্নের পর স্বাভাবিক
- আপডেট সময় : ০১:০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১৫২৪ বার পড়া হয়েছে
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাজেক-বাঘাইহাট সড়কের নিচু এলাকা প্লাবিত হওয়ায় সাময়িকভাবে সাজেক ভ্যালির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এতে শনিবার (২৯ আগস্ট) বাঘাইহাট এলাকায় সড়কের দুই পাশে শত শত পর্যটকবাহী গাড়ি আটকা পড়ে। তবে বিকেলে পানি কমে যাওয়ার পর সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্র জানায়, টানা ছুটিকে কেন্দ্র করে ‘মেঘের রাজ্য’ হিসেবে পরিচিত সাজেকে বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শনিবার সকাল ও বিকেলের এসকর্টে পর্যটকদের সাজেক ত্যাগ করার কথা ছিল। কিন্তু বাঘাইহাট এলাকার সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাময়িকভাবে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে বিকেলের দিকে পানি কিছুটা কমে এলে সেনাবাহিনীর বিশেষ সহযোগিতায় সড়কে যান চলাচল শুরু হয়। আটকে পড়া পর্যটকরা নিরাপদে গন্তব্যের উদ্দেশ্যে সাজেক ত্যাগ করেন। একই সময়ে নতুন করে বেশ কিছু পর্যটকবাহী গাড়িও সাজেকে প্রবেশ করে।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক টানা ছুটির কারণে সাজেকের প্রায় ৮০ শতাংশ রিসোর্ট কক্ষ আগে থেকেই বুকিং ছিল। হঠাৎ পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, শনিবার সকাল ও বিকেল মিলিয়ে অন্তত ১ হাজার ৫০০ পর্যটক সাজেক থেকে নিরাপদে ফিরে গেছেন। একই সময়ে নতুন করে প্রায় ৮৫০ জন পর্যটক সাজেকে প্রবেশ করেছেন।
সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়ায় আটকে পড়া পর্যটকদের ভোগান্তিও কমেছে। তবে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পাহাড়ি সড়কে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

























