পুলিশ সদস্যকে থাপ্পড়, মাগুরায় নয়ন গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:১৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় মারার অভিযোগে নাঈমুজ্জামান নয়ন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মাগুরা ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি বলে জানা গেছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মাগুরা শহরের ভায়না এলাকায় পুলিশ সদস্য মো. ইমরান হোসেনকে থাপ্পড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ঘটনার পর আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, নয়নের বিরুদ্ধে এর আগেও মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
ভুল বোঝাবুঝির দাবি পরিবারের
এদিকে গ্রেপ্তার নয়নের বড় ভাই ও যুবদল নেতা আব্বাস উদ্দিনের দাবি, পুলিশের সঙ্গে ভুল বোঝাবুঝির পর শুক্রবার রাতে বিএনপি নেতাদের মাধ্যমে বিষয়টির মীমাংসা হয়েছিল।
তিনি অভিযোগ করেন, শনিবার দুপুরে পুলিশ নয়নকে থানায় ডেকে নেয়। এরপর দিনভর থানায় রাখার পর সন্ধ্যায় তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আব্বাস উদ্দিন আরও দাবি করেন, নয়ন হৃদরোগে আক্রান্ত। তাই মানবিক কারণে তার মুক্তির দাবি জানান তিনি।
মামলার ভিত্তিতেই গ্রেপ্তার: পুলিশ
তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ সদস্যকে থাপ্পড় মারার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতেই নয়নকে গ্রেপ্তার করা হয়েছে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্য মো. ইমরান হোসেনকে থাপ্পড় মারার অভিযোগে নাঈমুজ্জামান নয়নসহ তিনজনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করা হয়। ওই মামলায় নয়নকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





















