পল্লবীতে সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ
- আপডেট সময় : ০১:৩৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রাজধানীর পল্লবীতে মৃতদেহ গোসল করানোর জন্য গোসলঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার পর মিরপুরের তালাব ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, পল্লবীর তালাব ক্যাম্পের ১১ নম্বর ব্লকের ৪ নম্বর লাইনে মৃতদেহ গোসল করানোর জন্য একটি গোসলঘর নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয়দের অভিযোগ, গোসলঘর নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, এ সময় পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়েছে।
ঘটনার নেপথ্যে বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কু জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, ক্যাম্পে নিজের প্রভাব ধরে রাখতে তিনি মৃতদেহ গোসল করানোর জন্য নির্ধারিত জায়গা তৈরিতে বাধা দিয়েছেন।
স্থানীয়দের আরও অভিযোগ, গোসলঘর নির্মাণে আসা জামায়াতের কর্মীদের ওপর ফাক্কুর নেতৃত্বাধীন একটি দল হামলা চালায়। এ সময় গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ করা হয় বলেও তারা দাবি করেন।
স্থানীয় সূত্রের ভাষ্য, সংঘর্ষের সময় জামায়াতের কর্মী মানিক ও সুমনের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী এবং ফাক্কুর নেতৃত্বে বিএনপি ও ছাত্রদলের প্রায় ২০০ থেকে ৩০০ জন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বশির বলেন, ঘটনায় এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন, তা পুলিশের জানা নেই। ক্যাম্পের ভেতরে গোলাগুলি হয়েছে বলে তারা শুনেছেন, তবে এর সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।






















