নির্বাচন কমিশন গঠনে বিকেলে শেষ বৈঠকে বসবে সার্চ কমিটি
- আপডেট সময় : ০৩:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে ১০ জনের নাম আজ চূড়ান্তে বিকেলে শেষ বৈঠকে বসবে অনুসন্ধান কমিটি। ইতোমধ্যে ১২ থেকে ১৩ জনের একটি সংক্ষিপ্ত তালিকাও করার কথা জানা গেছে।
এ তালিকা থেকেই ১০টি নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। সার্চ কমিটির একটি সূত্র জানায়, সংক্ষিপ্ত তালিকায় সামরিক ও বেসামরিক সাবেক আমলা, সাবেক বিচারক ও শিক্ষকের নাম রয়েছে। চূড়ান্ত তালিকাতেও এর প্রতিফলন থাকতে পারে। নির্বাচন কমিশন গঠনে চূড়ান্ত নামগুলো ২৪ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ আকারে পাঠাবে অনুসন্ধান কমিটি। পরে ১০ জনের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। সংবিধানে বলা আছে, কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ছাড়া রাষ্ট্রপতি অন্য সব দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এবারই প্রথম আইন করে গঠন করা হচ্ছে নির্বাচন কমিশন।






















