পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা, খুলনায় নিরাপত্তা জোরদার
- আপডেট সময় : ০২:৫৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচল না করার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপারের স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। শনিবার (১০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক।
চার থানায় বিশেষ অভিযান চলছে
নির্দেশনাপত্রে বলা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় খুলনা জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটায় তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে বিশেষ অভিযান কিংবা অন্যান্য দায়িত্ব পালনের সময় রাতে কোনো পুলিশ সদস্য যেন একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে ইউনিটপ্রধানদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া নির্দেশনার অনুলিপি অতিরিক্ত পুলিশ সুপারদের বিভিন্ন শাখা, সার্কেল সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস ও কোর্ট পুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও থানায় পাঠানো হয়েছে।
ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশ পরিদর্শক
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান পরিচালনা শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন।
পুলিশ সদস্যদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ওই ঘটনার পরই রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে হামলার শিকার হন ৪৩ বছর বয়সী পুলিশ পরিদর্শক শাহ আলম। ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে তিনি গুরুতর আহত হন।
পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ সদস্যদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে দায়িত্ব পালনের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন।




















