চট্টগ্রামে থাই নাগরিকের ছুরিকাঘাতে এক ক্রু নিহত
- আপডেট সময় : ০১:০০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজে এক ক্রুর ছুরিকাঘাতে অপর থাই ক্রু নিহত হয়েছেন। নিহত থাই নাগরিকের নাম রাফিফং ক্লাহান। তিনি জাহাজের অয়েলার পদে কর্মরত ছিলেন।
মঙ্গলবার এমভি কেপিপি–০১ জাহাজে এ ঘটনা ঘটে। ঘটনার পর জাহাজটির স্থানীয় এজেন্ট আহতবস্থায় নাবিক রাফিফং ক্লাহানকে জাহাজ থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতেই তাঁর মৃত্যু হয়। বন্দর সূত্র জানা গেছে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ভাঙার জন্য আনা জাহাজটিতে দায়িত্ব পালনের সময় থাইল্যান্ডের দুই ক্রু’র মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় রান্নার কাজে ব্যবহৃত ছুরির আঘাতে গুরুতর আহত হন রাফিফং ক্লাহান। এ ঘটনায় চট্টগ্রামের পতেঙ্গা থানা পুলিশের সহায়তায় অভিযুক্ত তুরাকর্ণ বুরুসিকে জাহাজ থেকে আটক করে আনোয়ারা থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


























