চট্টগ্রামের লালদিয়ায় দেশের প্রথম গ্রিনফিল্ড টার্মিনালের নির্মাণকাজ শুরু
- আপডেট সময় : ০৪:৩১:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লালদিয়ার চরে কনটেইনার টার্মিনালের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে পতেঙ্গায় এপিএম টার্মিনালস লালদিয়ার ভিত্তিস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,
“২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের লক্ষ্য আছে সরকারের; হয়তকিছুটা উচ্চাভিলাষী। কিন্তু দীর্ঘামেয়াদে আমাদের উচ্চাভিলাষী হতেই হবে।”
অর্থনীতি পরিচালিত হয় বেসরকারি খাতের মাধ্যমে মন্তব্য করে তিনি বলেন, “সরকারের কাজ তাদের সহযোগিতা করা। আমাদের লক্ষ্য অর্জন করতে হলে সবচেয়ে ভালো ব্যবসা নীতি, বিনিয়োগ নীতি ও লজিস্টিক সাপোর্ট থাকতে হবে।চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাবে পরিণত করা আমাদের লক্ষ্য; শুধু বাংলাদেশের জন্য নয়, এই অঞ্চলের জন্য। তাই চট্টগ্রাম বন্দরের সম্ভাবনাকে পুরোদমে কাজে লাগাতে হবে।”
অনুষ্ঠানে অংশ নিয়ে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, “আজ নতুন অধ্যায়। কারণ বিনিয়োগ, প্রযুক্তি ও টার্মিনাল হ্যান্ডলিংয়ের নতুন যুগে প্রবেশ করতে চলেছি। পিপিপিতে অনেক বড় বিনিয়োগ। প্রতি বছর ৮ লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করতে সক্ষম হব। সঙ্গে অনেক আধুনিক সুবিধা থাকবে। বাংলাদেশে বিনিয়োগের প্রতি আন্তর্জাতিক আস্থা প্রতিষ্ঠার সূচনা আজ হতে চলেছে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, এপিএম টার্মিনালসের সিইও রমেশ ডেভিড, গ্লোবাল হেড অব অপারেশনস জ্যাক ক্রেগ, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান বক্তব্য রাখেন।
নতুন টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে সাড়ে ১০ মিটার ড্রাফটের এবং ৬ হাজার টিইইউএস ধারণক্ষমতার জাহাজ ভিড়তে পারবে সেখানে। বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা এই টার্মিনাল নির্মাণকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন


























