ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি
- আপডেট সময় : ০৫:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ১৫১৯ বার পড়া হয়েছে
ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিপাকে পড়েন দুই বাংলাদেশি। অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তারের পর তিন বছর কারাভোগ করেন তারা। অবশেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন।
শুক্রবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের জাস্টিস অ্যান্ড কেয়ারের কাছে দেয়।
ফেরত আসা দুজন হলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জের নাজমুল হাওলাদার এবং চাঁদপুরের কচুয়ার নয়নতারা (ছদ্মনাম)।
পুলিশ জানায়, কাজের সন্ধানে তারা ভারতে যান। সেখানে ঝাড়খণ্ড রাজ্যে বিভিন্ন বাসাবাড়ি ও ইটভাটায় কাজ করতেন। এ সময় অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে ঝাড়খণ্ড পুলিশ। পরে আদালত তাদের তিন বছরের কারাদণ্ড দেন।
সাজা শেষে বিশেষ ট্রাভেল পারমিটে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, ভারত থেকে ফেরত আসা দুজনকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম জানান, তাদের সংস্থার শেল্টারহোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।




















