কোরবানির পর খুলনায় এখন বর্জ্য অপসারণ বড় চ্যালেঞ্জ
- আপডেট সময় : ১১:১৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
কোরবানির পর নগর ব্যবস্থাপনার বড় চ্যালেঞ্জ এখন বর্জ্য অপসারণ ও চামড়া সংরক্ষণ। নগরী পরিচ্ছন্ন রাখতে মাঠে নেমেছে খুলনা সিটি কর্পোরেশনের শতাধিক কর্মী ও যানবাহন। অন্যদিকে চামড়ার দাম কম হওয়ায় হতাশ বিক্রেতারা। আর সরকারি নির্ধারিত মূল্য না পাওয়ার অভিযোগে হিসেব কষেই চামড়া কিনছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সকাল থেকেই নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি শুরু হয় নগরজুড়ে।কোরবানির পর নগরীর বিভিন্ন এলাকায় দেখা যায়, কোথাও রাস্তায় পড়ে আছে পশুর বর্জ্য, কোথাও ড্রেনে জমে আছে রক্ত ও বর্জ্য।দ্রুত অপসারণ না হলে সৃষ্টি হয় দুর্গন্ধ,স্বাস্থ্যঝুঁকি এবং জনদুর্ভোগ।
কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে নগরীতে ১৪০টি স্থান নির্ধারণ করা হয়েছে। বিতরণ করা হয়েছে ১০ হাজার বিশেষ বর্জ্য ব্যাগ। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে খুলনা সিটি কর্পোরেশন।
অন্যদিকে কোরবানির চামড়া নিয়েও চলছে ব্যস্ততা। তবে মৌসুমি ব্যবসায়ী ও আড়তদাররা বলছেন, সংরক্ষণ সংকট,বাজারে অস্থিরতা এবং কম দামের কারণে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না।
শুধু প্রশাসনিক উদ্যোগ নয়,নাগরিক সচেতনতাও জরুরি। নির্ধারিত স্থানে বর্জ্য না ফেললে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকি বাড়বে বলছেন পরিবেশবিদরা ।


























