লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৪:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৮০৪ বার পড়া হয়েছে
লালমনিরহাটের আদিতমারীতে আলোচিত শিশু শিক্ষার্থী নন্দিনী রায় হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে হত্যাকাণ্ডে সহায়তা ও মরদেহ গুমের চেষ্টার দায়ে বিধানের বাবা রনজিত কুমার বর্মণ ও মা মমতা রানীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে লালমনিরহাট সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় ঘোষণা করেন। মাত্র দুই মাস আট দিনের মধ্যে মামলাটির বিচারিক কার্যক্রম শেষ করে রায় দেওয়া হয়েছে।
যেভাবে হত্যার ঘটনা
মামলা সূত্রে জানা যায়, গত ১৫ জুন আদিতমারী উপজেলার ফলিমারী গ্রাম থেকে শিশু শিক্ষার্থী নন্দিনী রায় নিখোঁজ হয়। পরদিন স্থানীয় একটি ভুট্টাখেত থেকে বস্তাবন্দী ও মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নন্দিনীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। পরে তদন্তে পূর্ববিরোধের জেরে নন্দিনীকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ উঠে। হত্যার পর মরদেহ বস্তাবন্দী করে মাটিচাপা দেওয়ার তথ্যও তদন্তে উঠে আসে।
পুলিশ বিধান চন্দ্র রায়কে গ্রেপ্তার করে। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
দ্রুত রায়ে সন্তোষ
রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নন্দিনীর স্বজনরা। তারা দ্রুত বিচার শেষ হওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, মামলাটির তদন্ত দ্রুত শেষ করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। এর ফলে স্বল্প সময়ের মধ্যেই বিচারিক কার্যক্রম শেষ করে রায় পাওয়া সম্ভব হয়েছে।
এদিকে আদালতের রায়ে নন্দিনী হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত হওয়ায় স্থানীয়দের মধ্যেও স্বস্তি ফিরেছে।























