লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৪:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
লালমনিরহাটের আদিতমারীতে আলোচিত শিশু নন্দিনী রায় হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় হত্যায় সহায়তা ও লাশ গুমের চেষ্টার দায়ে বিধানের বাবা রনজিত কুমার বর্মণ ও মা মমতা রানীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে লালমনিরহাট সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় ঘোষণা করেন। মাত্র দুই মাস আট দিনের মধ্যে মামলার বিচারিক কার্যক্রম শেষ করে রায় দেওয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ১৫ জুন আদিতমারীর ফলিমারী গ্রাম থেকে শিশু শিক্ষার্থী নন্দিনী নিখোঁজ হয়। পরদিন একটি ভুট্টাখেত থেকে বস্তাবন্দী ও মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তদন্তে পূর্ববিরোধের জেরে নন্দিনীকে শ্বাসরোধে হত্যা করে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠে। গ্রেপ্তারের পর প্রধান আসামি বিধান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নন্দিনীর স্বজনরা। জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছিল, যার ফলে দ্রুত মামলাটির রায় পাওয়া গেছে।




















