দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে জাতীয় সমস্যা উল্লেখ করে এ সংকটকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রোববার পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে কিছুটা সংকট থাকলেও ছয় মাসের বর্তমান সরকার এ সংকট তৈরি করেনি।
জুলাই-পরবর্তী সময়ে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নীতিগত বিষয়ে সমালোচনা থাকতে পারে, তবে এমন কর্মসূচি নেওয়া উচিত নয় যাতে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।
নুরুল হক নুর আরও বলেন, জনগণের কল্যাণ ও নাগরিক সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা যাচাই-বাছাইয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সেল গঠন করা হয়েছে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে।