মানবাধিকার কমিশন বিলের প্রক্রিয়ায় থাকবে না বিরোধীদল
- আপডেট সময় : ০৩:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১৫২১ বার পড়া হয়েছে
জাতীয় মানবাধিকার কমিশন বিলের প্রক্রিয়ার সঙ্গে বিরোধী দল যুক্ত থাকবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদীয় দলের মুখপাত্র ড. নাজিবুর রহমান। এ সিদ্ধান্তের অংশ হিসেবে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকও বর্জন করেছে দলটি।
রোববার (৩০ আগস্ট) জাতীয় মানবাধিকার কমিশন ও গুম-সংক্রান্ত দুটি বিল পর্যালোচনা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
বিলটি আন্তর্জাতিক কনভেনশনের পরিপন্থি
ড. নাজিবুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মানবাধিকারবিষয়ক আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। আইনটি আরও শক্তিশালী করার কথা থাকায় আগের অধিবেশনে বিলটি উত্থাপন করা হয়নি। তবে বর্তমানে যে বিলটি আনা হয়েছে, সেটি আন্তর্জাতিক কনভেনশনের পরিপন্থি বলে দাবি করেন তিনি।
তার অভিযোগ, পুরোনো আইন বাতিল করে মানবাধিকার সুরক্ষার কাঠামো শক্তিশালী করার পরিবর্তে নতুন বিলের মাধ্যমে আইনটি আরও দুর্বল করা হয়েছে। সংসদে বিল উত্থাপনের আগেই সংসদীয় স্থায়ী কমিটির ‘হাত-পা বেঁধে দেওয়া হয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি।
দুই দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ
জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র বলেন, স্থায়ী কমিটিকে মাত্র দুই দিনের মধ্যে বিলের বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ফলে কমিটিগুলোকে স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ রাখা হয়নি বলে তিনি মনে করেন।
তিনি আরও দাবি করেন, প্রস্তাবিত বিলটি একটি ‘বিতর্কিত ও কালো আইন’। এর মাধ্যমে জনগণের নিরাপত্তা ও মানবাধিকার লঙ্ঘিত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থায়ী কমিটির বৈঠক বর্জন
ড. নাজিবুর রহমান বলেন, সংশ্লিষ্ট কমিটিতে স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ না থাকায় তারা এই প্রক্রিয়ার সঙ্গে থাকতে চান না। এ কারণেই সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম-সংক্রান্ত দুটি বিল পর্যালোচনা করা হয়।






















