ফেনীতে গৃহবধূকে হত্যার পর মেঝেতে বালুচাপা
- আপডেট সময় : ১২:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ফেনী সদর উপজেলার পশ্চিম জারকাছা এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর নাম রিনা বেগম। নিহতদের স্বজনদের দাবি, স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যে তাকে হত্যার পর গুমের চেষ্টা করা হয়েছিলো।
নিহতের বড় ছেলে আরজু অভিযোগ করে বলেন, একই এলাকার আবুল খায়েরের ছেলে নির্মাণ শ্রমিক সাইফুল ইসলামকে তিনি ঘটনার দিন ওই নির্মাণাধীন ঘরের ভেতরে বালু খুঁড়তে দেখেছিলেন। তার দাবি, তার মায়ের শরীরে থাকা স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যে সাইফুল ইসলাম পরিকল্পিতভাবে তাকে হত্যা করে এবং প্রমাণ নষ্ট করার জন্য মরদেহ বালুর নিচে চাপা দিয়ে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই প্রতীয়মান হচ্ছে। পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
























