এনসিপির কমিটিতে নাম, প্রাণিসম্পদ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
- আপডেট সময় : ০৫:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা কমিটিতে সাংগঠনিক পদে থাকার অভিযোগে ভোলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সফিউল্লাহ জগলুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহজামান খানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এনসিপির উপজেলা কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক
প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিস আদেশ অনুযায়ী, মো. সফিউল্লাহ জগলু বর্তমানে ভোলার লালমোহন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত। তবে সংযুক্তিতে তিনি চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন।
আদেশে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা গেছে, সফিউল্লাহ জগলু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে রাজনৈতিক দলের সাংগঠনিক পদে থাকার বিষয়টি সংশ্লিষ্ট বিধিমালার পরিপন্থী হওয়ায় তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরকারি কর্মচারীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
অফিস আদেশে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫ (১) বিধির উল্লেখ করা হয়েছে। এই বিধিতে সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের সদস্য হওয়া এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে।
এ অবস্থায় সফিউল্লাহ জগলুর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এবং সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫ (১) বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ছয় মাসের জন্য এনসিপির কমিটি অনুমোদন
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর এনসিপির ভোলা জেলা আহ্বায়ক মো. জিয়াউর রহমান এবং সদস্যসচিব শরীফ হাওলাদার সাগরের স্বাক্ষরে চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়।
আগামী ছয় মাসের জন্য অনুমোদিত সাত সদস্যবিশিষ্ট ওই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. সফিউল্লাহ জগলুর নাম অন্তর্ভুক্ত করা হয়। সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় দলটির উপজেলা কমিটিতে তাঁর নাম ও পদ থাকার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো।


























