উত্তরায় ভুয়া দলিলে জমি দখল ও চাঁদাবাজি: সশস্ত্র ক্যাডার বাহিনীর হুমকিতে দিশেহারা মালিকরা
- আপডেট সময় : ০৬:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ভুয়া দলিলের মাধ্যমে জমি দখল, চাঁদাবাজি এবং ক্যাডার বাহিনী দিয়ে প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। চিহ্নিত ভূমিদস্যু ও তাদের ভাড়াটে সন্ত্রাসীদের অত্যাচারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই এলাকার প্রকৃত জমির মালিকরা।
ভুক্তভোগী জমির মালিকদের পক্ষে আব্দুল্লাহ সানি নামের এক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকা জেলা প্রশাসক কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানানো হয়, উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের ৮ নম্বর ব্রিজ সংলগ্ন ১০৩ নম্বর পিলারের পশ্চিম পাশের বৈধ ও রেকর্ডীয় সম্পত্তি দখলের পাঁয়তারা চলছে। জাবেদ আলী বকাউল, মর্তুজা নামের ব্যক্তি জালিয়াতির মাধ্যমে ভুয়া ও অবৈধ দলিল তৈরি করে এই বেআইনি দখলের চেষ্টা চালাচ্ছে।
এই অবৈধ কর্মকাণ্ডে তাদের সরাসরি সহযোগিতা করছে মামুন পারভেজ তন্ময় নামের এক ব্যক্তি।
অভিযোগ অনুযায়ী, তন্ময় বিএনপির নাম ভাঙিয়ে তার নিজস্ব সশস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে জোর-জবরদস্তি চালাচ্ছে এবং জমির মালিকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে জমিতে প্রবেশ করতে দেওয়া হবে না এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি, জমির মালিকদের ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে মিথ্যা রাজনৈতিক মামলা দেওয়ারও ভয় দেখানো হচ্ছে।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, মূল অভিযুক্ত জাবেদ ও মর্তুজা বর্তমানে তুরাগ থানায় দায়ের করা একটি হত্যা মামলার (মামলা নং-১২, তারিখ- ১০ অক্টোবর ২০২৪) আসামি। এই অবস্থায় ভুক্তভোগীরা নিজেদের বৈধ সম্পত্তি ও জীবনের নিরাপত্তা রক্ষায় চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন।
























