সাবেক ও বর্তমান দু’কমিশনারের লোকজনদের মধ্যে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত
- আপডেট সময় : ০৮:৫৮:০২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ১৭৭৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহাজাদপুরে সাবেক ও বর্তমান দু’কমিশনারের লোকজনদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আসগর আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন । আহত হয়েছে অন্তত ১০ জন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক পৌর কমিশনার মোস্তাফিজুর রহমান পীযুষের সাথে বর্তমান কমিশনার বেলাল হোসেনের খাস পুকুরের লিজ ও মাছ চাষা নিয়ে বিরোধ চলে আসছিলো। সাংবাদিক শিমুল হত্যা মামলার পাঁচ নম্বর আসামী হয়ে সাবেক পৌর কমিশনার মোস্তাফিজুর রহমান পীযুষ এলাকা ছেড়ে দীর্ঘদিন পালিয়ে ছিলেন। জামিনে মুক্ত হয়ে গত ৬ মাস হলো তিনি এলাকায় এসে আগের মত দাপটে বসবাস শুরু করেন। গত দু’সপ্তাহ আগে লিজের পুকুরে মাছে বিষ দেয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে নতুন দ্বন্দ্বের সৃষ্টি হয়। একদিন আগেও উভয়ের গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহতও হন। আগের ঘটনার জের ধরে সকালে নতুন করে সংঘর্ষ হয় দু’পক্ষের মধ্যে । সংঘর্ষে মোস্তাফিজুর রহমান পীযুষের লোকজন বেলাল হোসেনের সমর্থক আলী আসগরসহ বেশ কয়েকজনকে বেধড়ক পিটিয়ে গুরতর আহত করেন। পরে মারা যান আসগর।


























