দেশের ছয় অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
- আপডেট সময় : ০১:৫৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। এছাড়া অন্য জায়গায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে। সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।
আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ অবস্থায় ছয় জেলার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


























