নেপালে আকস্মিক বন্যায় নিহত ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার
- আপডেট সময় : ১০:৫১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯২৪ জন। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক।
শুক্রবার (২৮ আগস্ট) নেপালের দুর্যোগ প্রশমন সংস্থার সর্বশেষ আপডেটে এসব তথ্য জানানো হয়েছে।
বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযান চালাতে নিরাপত্তাবাহিনীর প্রায় ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা দুর্গত বিভিন্ন এলাকায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, দেশটিতে ৫৭৫ জন বিদেশি নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন। তারা ৩৬টি দেশের নাগরিক। নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারতের ১৮৩ জন, যুক্তরাষ্ট্রের ৬৫ জন এবং ইউক্রেনের ৬২ জন রয়েছেন। এছাড়া ৩৩ জন ব্রিটিশ নাগরিকেরও খোঁজ পাওয়া যায়নি।
বন্যাকবলিত এলাকার কাছেই চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত। সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান কৈলাস মানস সরোবর অবস্থিত। প্রতিবছর ভারতসহ বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক পর্যটক সেখানে যান। এ কারণে বন্যার পর বিদেশি পর্যটকদের নিখোঁজ হওয়ার সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত বুধবার সকালে নেপালের রাসুয়া এলাকায় হঠাৎ আকস্মিক ঢল নামে। এতে ত্রিশূলী ও নারায়ণী নদীর পানি বেড়ে যায়। একই সময়ে ভোটেকোশি নদীতেও পানির প্রবাহ বৃদ্ধি পায়।
পাহাড় থেকে নেমে আসা পানির সঙ্গে ভূমিধসের কাদা ও পাথর মিশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রবল স্রোতে ঘরবাড়ি, সেতু, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন অবকাঠামো ভেসে যায়।
নেপালের পাশাপাশি তিব্বতও বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৩০০ জন নিখোঁজ রয়েছেন। চীন এরই মধ্যে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছে। তবে এরপর দেশটির পক্ষ থেকে নতুন করে হতাহতের সংখ্যা জানানো হয়নি।
চীনের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভয়াবহ এই বন্যায় ব্যাপক প্রাণহানি ঘটেছে।
সূত্র: বিবিসি


























