কক্সবাজারের রোহিঙ্গা গ্রুপ হালিম বাহিনীর প্রধান নিহত
- আপডেট সময় : ০৩:৩৩:০১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার ছোড়া গুলিতে আরেক রোহিঙ্গা গ্রুপ হালিম বাহিনীর প্রধান কেফায়েত উল্লাহ হালিম নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দু’জন।
মঙ্গলবার সন্ধ্যার পর উখিয়ার নৌকার মাঠ ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কেফায়েত উল্লাহ হালিম উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের বাদশা মিয়ার ছেলে। গুলিবিদ্ধরা হলেন, একই ক্যাম্পের মোহাম্মদ উল্লাহ ও নুর মোহাম্মদ। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমীন জানান, রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট বালুখালী থেকে কেফায়েত উল্লাহ হালিমসহ মোহাম্মদ উল্লাহ ও নুর মোহাম্মদ মোটরসাইকেলে নিজ নিজ শেডে ফিরছিলেন। পথে ক্যাম্প-৮/ইস্টের এ/৩২ পয়েন্ট এবং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে আরসা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেফায়েত উল্লাহ হালিম মারা যান।
























