যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার আহবান ওবায়দুল কাদেরের
- আপডেট সময় : ০২:৩২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে।সড়ক-মহাসড়ক অতীতের যে কোন সময়ের তুলনায় অনেক ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন রাস্তায় কোথাও যাতে কোন দুর্ভোগ না হয় সেজন্য সতর্ক থাকার পাশাপাশি মাঠ পর্যায়েও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। সব টার্মিনালে শৃঙ্খলা রক্ষা এবং যাত্রীদের সুবিধার্থে বিশেষ টাস্কফোর্স কার্যকর থাকবে জানিয়ে কাদের আরও বলেন অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের নজরদারি থাকবে। ঈদের সময় সড়ক-মহাসড়কে অতিরিক্ত ভীড় এবং যাত্রীদের চাপ এড়াতে পোশাক কারখানাগুলো একদিনে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দিতে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের প্রতিও আহবান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
















