হাওরের ফসলহানী দেশের খাদ্য সংকটে প্রভাব ফেলবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের হাওরে যে ফসল নষ্ট হয়েছে তাতে সারা দেশের খাদ্য সংকটের কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী জাহিদ ফারুক। এদিকে, সুনামগঞ্জ থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নাসিরনগরের নদ-নদীগুলোতে অন্তত ২ ফুট পানি বেড়েছে। তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি ইউনিয়নের হাওর জমি।
হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে যান পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বলেন, সুনামগঞ্জের হাওরে যে ফসল তলিয়ে গেছে। সেটা সারা দেশের খাদ্য সংকটের কোনো প্রভাব ফেলবে না। তিনি আরও জানান, চূড়ান্ত প্রতিবেদন ২ থেকে ৩ দিনের মধ্যে মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অন্তত ২০০ হেক্টর ধানি জমি পানিতে তলিয়ে গেছে। গেল তিনদিন ধরে নদ-নদীগুলোর পানি বাড়ার ফলে নাসিরনগর সদর, ভলাকুট, বুড়িশ্বর, গোয়ালনগর, পূর্বভাগসহ অন্তত ৬টি ইউনিয়নের হাওর এলাকার জমিগুলো পানিতে তলিয়ে যায়। এর ফলে কৃষকরা তাদের আধাপাকা ধান কেটে ফেলছেন। ক্ষতিগ্রস্থ কৃষকরা জানিয়েছেন, এতে করে নদী ও বিল এলাকা সংলগ্ন জমিগুলো তলিয়ে গেছে। এতে করে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
অপরিপক্ক ফসল কাটতে আর বাঁধ রক্ষায় প্রাণপণ চেষ্টা করছে নেত্রকোণার কয়েক হাজার মানুষ।























