রাজনৈতিক প্রতিহিংসায় গুম-খুনের শিকার হচ্ছে মানুষ : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
ক্ষমতায় টিকে থাকতে গুমের পথ বেছে নিয়েছে সরকার। রাজনৈতিক প্রতিহিংসায় মানুষ গুমের শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার একটি হোটেলে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের দশ বছর শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। সভায় গুম হওয়া অন্যদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। স্বজনদের ফিরে পেতে আকুতি জানান তারা।
গত দশ বছরে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকর্মীকে গুম হয়েছে। তাদের ফিরিয়ে দেয়ার দাবিতে আলোচনা সভা করে বিএনপি। সভায়, নিজেদের অসহায়ত্ব তুলে ধরেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন।
দেশে কোনো যুদ্ধ পরিস্থিতি নেই। অথচ, গুম হওয়ার মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত। যারা পরিবর্তন চায়, তারাই গুম হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এই সরকারের পতন ঘটাতে না পারলে কারোর কান্না থামবে না বলে মন্তব্য করেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
সরকার পতন আন্দোলন তরান্বিত করতে সবাইকে ঐক্যবন্ধ হবার আহবান জানান নেতারা।























