বাংলাদেশকে শ্রীলঙ্কার সাথে তুলনা করা জাতির জন্য লজ্জাকর: প্রধানমন্ত্রীর মূখ্য সচিব
- আপডেট সময় : ০৮:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
বাংলাদেশকে শ্রীলঙ্কার সাথে তুলনা করা জাতির জন্য লজ্জাকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস। তিনি আরো বলেন, কিছু মানুষ সরকারের নানা উন্নয়ন প্রকল্প নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তা মিথ্যা প্রমাণিত হবার পরও তারা জাতিকে কলঙ্কিত করতে এখন শ্রীলংকাকে সামনে এনে অপপ্রচারণা চালাচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক ভিত খুবই সুদৃঢ় বলে দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে মঙ্গলবার দুপুরে সরকারের রাজস্ব ও অর্থ বিভাগের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর সামনে অফশোর ট্যাক্স অ্যামনেস্টি ও শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির পর্যালোচনা তুলে ধরা হয়। জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ বিভাগ উপস্থাপন করে এই পর্যালোচনা।
বৈঠকশেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
তিনি বলেন, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশকে তুলনা করা দেশকে হেয় করার শামিল।
দেশের অর্থনীতির ভিত খুবই সুদৃঢ় উল্লেখ করে কায়কাউস জানান, বাংলাদেশে কোন ঋণ সংকট হবার আশংকা নেই।
এসময় বৈঠকে থাকা অন্যান্য সচিবরা বলেন, দক্ষিণ এশিয়ার অন্য যে-কোন দেশের তুলনায় বাংলাদেশ প্রতিটি সূচকে এগিয়ে আছে।
দেশের প্রতিটি মেগাপ্রকল্প লাভজনকভাবে গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে জনদুর্ভোগ বাড়ে এমন কোন সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেয়া হবে না বলেও জানান সংশ্লিষ্টরা।
















