দ্রুত সময়ের মধ্যে সব ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:২৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
দ্রুত সময়ের মধ্যে সব ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় একথা বলেন তিনি। এদিকে, স্পেশাল সিকিউরিটি ফোর্স কার্যালয়ে মুজিব কর্ণারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস সবসময় প্রতিশোধ নেয়– তা আজ প্রমাণিত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোচনায় অংশ নিয়ে ক্ষমতায় থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সুযোগ পাওয়ায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার।
এরআগে স্পেশাল সিকিউরিটি ফোর্স কার্যালয়ে মুজিব কর্ণারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ৭৫ পরবর্তী দেশে ফেরার স্মৃতিচারণ করে তিনি বলেন, সে সময় বিশ্বাস ছিলো একদিন সময় আসবেই।
পরে অতিথিদের নিয়ে মুজিব কর্ণার ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।























