চাপে নয়, মানবিক কারণে এবার জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ১০:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৬৬১ বার পড়া হয়েছে
ইউক্রেনে মানবিক সঙ্কট দূরের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি অধিবেশন এ ভোটাভুটি হয়।
এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কোনো চাপের মুখে নয়, মানবিক কারণেই বাংলাদেশ এবার জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে। এদিকে, চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যে বেলজিয়ামে ন্যাটোর সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে নানা পদক্ষেপের ঘোষণা দেন বিশ্ব নেতারা।
ইউক্রেনে রুশ হামলায় মানবিক সংকট নিরসনে, বৃহস্পতিবার জাতিসংঘের সদর দপ্তরে বসে সাধারণ পরিষদের অধিবেশন। সেখানে আনা প্রস্তাবে, মানবিক বিবেচনায় ইউক্রেনের বাস্তুচ্যুত মানুষের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।
এর আগে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে জাতিসংঘের ভোটাভুটিতে নীরব থাকলেও, এবার কেনো ইউক্রেনের পক্ষে ভোট দিলো-এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে,বিষয়টি নিয়ে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর শীর্ষ সম্মেলনে ভাচুয়ালি যোগ দিয়ে, রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, বৃহস্পতিবার সকালেই ফসফরাস বোমা ব্যবহার করা হয়েছে। নিহত হয়েছে শিশু সহ অনেকেই। ইউক্রেনকে শর্তহীন সামরিক সহযোগিতা দেওয়ার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানান তিনি।
সম্মেলনে ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ জনগণকে সুরক্ষিত রাখতে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি, পূর্ব ইউরোপে ন্যাটোর ৪০ হাজার সৈন্য মোতায়েন করা, সাইবার প্রতিরক্ষা জোরদার করা, ইউক্রেনকে ‘জৈবিক, রাসায়নিক, রেডিওলজিক্যাল এবং পারমাণবিক হুমকি থেকে রক্ষা করার বিষয়ে প্রস্তাব করেন। ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের ব্যবহার যুদ্ধে প্রকৃতি একেবারে বদলে দেবে বলেও জানান তিনি। শুধু তাই নয়, মস্কোকে কোণঠাসা করতে কঠোর নিষেধাজ্ঞা দিতেও প্রস্তুত পশ্চিমা বিশ্ব।
পুতিনের পরিকল্পনা কিছুতেই সফল হতে দেয়া হবে না বলে ন্যাটো সম্মেলনে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে আরও দুইশ’ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি।একই সঙ্গে যুদ্ধে আক্রান্ত ইউক্রেন নাগরিকদের জন্য একশ’ কোটি ডলার সহায়তার ঘোষণা দেন তিনি।
ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে ইউক্রেন সীমান্তের কাছে, পোল্যান্ড সফর করছেন জো বাইডেন।























